মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সড়ক ও নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ এড়াতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন বলেছেন, ঈদে ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে যেতে পারে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে এ বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও এস এম ফয়েজউদ্দিন বলেন, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রী পারাপারের ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ট্রলার চলাচলের ক্ষেত্রে লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ঘাটে ভাড়ার নির্ধারিত মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে।
তিনি আরও বলেন, ট্রলার থেকে সরাসরি লঞ্চে যাত্রী ওঠানামা করা যাবে না। নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত ফেরি চলাচল অব্যাহত থাকবে। নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল প্রস্তুত রাখা হবে।
এছাড়া তিনি জানান, যে কোনো ধরনের দুর্ঘটনা বা দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘাটগুলোতে শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
সড়কপথের বিষয়ে ইউএনও বলেন, সকল চালককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন মালিক বা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে ছিনতাই প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চাই মানুষ যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। একটি সুন্দর ও নিরাপদ ঈদ উপহার দিতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।”
সভায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।