চালের দাম বাড়ার কোনো শঙ্কা দেখা যাচ্ছে না: খাদ্য উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক:  

দেশের সরকারি খাদ্যশস্যের মজুদ বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানিয়েছেন, এ অবস্থায় আপাতত চালের দাম বাড়ার কোনো শঙ্কা দেখা যাচ্ছে না।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা। এসময় খাদ্য সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, “সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান রয়েছে। দেশে খাদ্যের কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেশের খাদ্য পরিস্থিতির ওপর পড়বে না। দুই দেশের মধ্যে এখনও বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে।”

চাল আমদানির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, “ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয় এবং সরকার বিষয়টিকে পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *