ছাগলনাইয়ায় পারিবারিক বিরোধের জেরে নারকীয় হামলা—বৃদ্ধসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, নারীকে শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

ইমাম হোসেন ইমন:

ফেনীর ছাগলনাইয়া থানাধীন পৌরসভা ০৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সতর এলাকায় পারিবারিক ও চলাচলের পথসংক্রান্ত বিরোধের জেরে এক ভয়াবহ ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এতে এক বয়োবৃদ্ধ অসহায় ব্যক্তি, তার মেয়ে, ভাতিজি, পুত্রবধূ ও ভাতিজাসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ইং-২৪/০১/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৯টার দিকে একই বাড়ির বাসিন্দা হামলাকারী ১ নং আরিফ হোসেন, ২ নং ইমরান হোসেন, ৩ নং সালমানসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা, লোহার রড, ধারালো দা, চেনি ও ছুরি ব্যবহার করে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে।

বয়োবৃদ্ধ ভুক্তভোগী আবুল কালাম ও তার ভাতিজি খুকি বেগমের কপাল, চোখের নিচ ও হাতে একাধিক ধারালো কোপ দেওয়া হয়। আবুল কালামকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয় বলে পরিবারের দাবি। তাকে রক্ষা করতে গেলে তার মেয়ে মনোয়ারা বেগমের কপালে গুরুতর কোপ লাগে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

একই ঘটনায় ভুক্তভোগীর মেয়ে কুলসুমা আক্তারের মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাত করা হয়—নাক, মুখ ও ঠোঁটে মারাত্মক জখম হয়। এছাড়া অন্য নারী সদস্যদের মাথায় ইট ও রড দিয়ে আঘাত, হাত ভাঙা এবং ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ করা হয়, হামলার এক পর্যায়ে এক নারীকে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় এবং তার পোশাক টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়। একই সঙ্গে তার গলা থেকে আনুমানিক ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় ১ লক্ষ টাকা, ছিনিয়ে নেওয়া হয়।

আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা মামলা করলে স্বপরিবারে হত্যা ও লাশ গুমের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

আহতদের প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় দু’জনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযুক্ত আরিফ হোসেনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *