ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:


সুনামগঞ্জের ছাতকে ঐতিহ্যবাহী ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি সকালেই বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুলের তোড়া দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন। এসময় বিদ্যালয়ের স্কাউট, বিএনসিসি এবং গার্লস ইন স্কাউটের সুসজ্জিত তিনটি দল এবং একটি ব্যান্ডদল চমৎকার কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের অভিবাদন জানায়, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের তৈরি লালদল, নীলদল ও সবুজ দলের বিভিন্ন সৃজনশীল স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “এই বিদ্যালয়টি শুধু ছাতকের নয়, পুরো এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি অতীতেও এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছি এবং ভবিষ্যতেও আরও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবো।” তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব নীতি গ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি মানসিক বিকাশ ও নেতৃত্ব গুণাবলী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। দৌড়, লং জাম্প, উচ্চ লম্ফসহ বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় মাঠজুড়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয়রা এমন আয়োজনকে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *