প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:

মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী নাদিম চৌধুরী।

এ সময় কেন্দ্রীয় মৎস্যজীবী দলের প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট, সাংবাদিক পরিবারের কেন্দ্রীয় মহাসচিব কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মৎস্য খাতের উন্নয়ন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং সামগ্রিক কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তিনি জানান, সরকার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে প্রান্তিক খামারি ও জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধি করে বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রাজধানীর মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান। বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকার নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজার তদারকির উদ্যোগ নিয়েছে। এর ফলে সাধারণ ভোক্তারা সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস ক্রয়ের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খামারি প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *