জাতীয় উন্নয়নে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

মোহাম্মদ হোসেন হ্যাপী:

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকেরা জাতির “প্র্যাকটিক্যাল ডক্টর”, যাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মতে, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে সেই মেরুদণ্ডকে সোজা ও শক্ত রাখার দায়িত্ব মূলত শিক্ষকদের ওপরই বর্তায়। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।

রোববার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ নতুন জাতীয়করণ হওয়া শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে তিনি শিক্ষা খাতকে ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার মাধ্যমে অর্জিত প্রতিটি ভালো ফল সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, যা দীর্ঘমেয়াদে শিক্ষককে উপকৃত করে।

মন্ত্রী আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনের লক্ষ্য কোনো একক ব্যক্তি বা সরকারের নয়; এটি একটি জাতীয় অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের সন্তানতুল্য মনে করে তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে দেশ গঠনে অবদান রাখতে পারে।

শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে অসামঞ্জস্যের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো ডিসেম্বরের মধ্যেই ক্লাস ও পরীক্ষা শেষ করলেও বোর্ডগুলো পরবর্তী বছরের এপ্রিল ও জুনে পরীক্ষা নেয়, যার ফলে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের ওপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে খান মইনুদ্দিন আল মাহমুদ, ওয়াসীম মো. মেজবাহুল হকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নবজাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের নিজস্ব মতামত ও সুপারিশ লিখিত আকারে জমা দেওয়ারও আহ্বান জানান মন্ত্রী, যাতে ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *