মোহাম্মদ হোসেন সুমন:
“ডেঙ্গুমুক্ত কক্সবাজার, আমাদের দৃঢ় অঙ্গীকার”—এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে কক্সবাজারে সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং সিভিল সার্জন অফিস ও কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় শনিবার (১৪ মার্চ) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নানের নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালি জেলা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন স্থানে সরাসরি ঔষধ স্প্রে করে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১০ মার্চ মাননীয় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে কক্সবাজার জেলায় ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে শিগগিরই সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা আয়োজনের মাধ্যমে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে ডেঙ্গুমুক্ত কক্সবাজার গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট সকলের প্রতি।