জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

মোঃ আনজার শাহ:

পবিত্র রমজান মাসের বরকতময় আবহে ইফতার মাহফিল এবং ঐতিহ্যবাহী সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা একই ছাদের নিচে একত্রিত করে এক অনন্য আয়োজনের সাক্ষী হলো রাজধানী ঢাকা।

জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে আজ মতিঝিলস্থ আজিজ ভবনে সংস্থার প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দেশের সাংবাদিকতার ইতিহাসে চার দশকেরও বেশি সময় ধরে অবিচল পথচলা অব্যাহত রাখা এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতৃবৃন্দের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য ও দৃঢ় অঙ্গীকারের এক অসাধারণ মিলন।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল বাশার মজুমদার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নীতিনির্ধারণ পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নীতিনির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মঞ্জুর হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার বিপ্লবী মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সহ-দপ্তর সচিব মো. আনজার শাহ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবময় ৪৫ বছরের পথচলার ইতিহাস তুলে ধরেন।

তাঁরা বলেন, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতীয় সাংবাদিক সংস্থা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সাংবাদিকদের অধিকার রক্ষায়, পেশাগত মানোন্নয়নে এবং মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, দেশের গণমাধ্যম জগতে জেএসএস একটি বিশ্বস্ত ও মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

এই সংগঠনের ব্যানারে হাজার হাজার সাংবাদিক একতাবদ্ধ হয়ে দেশের তথ্যপ্রবাহ সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করছেন।

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন জেলার সদস্যদের সম্পৃক্ততায় একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মোহাম্মদ নাজমুল হুদা, সাংগঠনিক সচিব মেহেদী হাসান ও শরিফ ফায়জুল কবির, দপ্তর সচিব রাব্বি মোল্লা, অর্থ সচিব সানবির হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব আব্দুল খালেক নান্নু ও জাফরুল্লাহ, তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেল ও বাপ্পি আহমেদ শ্রাবণ, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন, ধর্ম বিষয়ক সচিব হাজী মোহাম্মদ শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব আলহাজ আমির হোসেন, মহিলা বিষয়ক সচিব সুইটি আক্তার এবং নির্বাহী কমিটির সদস্য আতিকুল ইসলামসহ সংস্থার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভা শেষে আয়োজিত ইফতার মাহফিলে সকলে একসঙ্গে ইফতার সম্পন্ন করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ এবং সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সামগ্রিক অনুষ্ঠানটি ছিল ঐক্য, উৎসাহ ও ভ্রাতৃত্বের এক অনুপম দৃষ্টান্ত, যা আগামী দিনে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অনুপ্রেরণা জোগাবে বলে উপস্থিত নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *