মোঃ মাহমুদুল হাসান
জামায়াত ইসলামের সাথে সত্যিকার অর্থে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
তিনি বলেন, তারা ইসলামের নামে ভাঁওতাবাজি করছে, ইসলামকে বিকৃত করছে। তারা বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। মনে হচ্ছে জান্নাত জামায়াতের বাপ-দাদার সম্পত্তি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তিনিও বলতে পারেননি কে জান্নাত পাবে, কে জাহান্নাম পাবে। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর জামায়াত ইসলাম মনে করছে, এটা তাদের বাপ-দাদার সম্পত্তি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্য কারও প্রয়োজন নেই, জামায়াতই যথেষ্ট। তারা বলেছে, রোজা আর পূজা এক—মুদ্রার এপিঠ আর ওপিঠ।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড ইসলামের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি দাবি করেন, বিএনপিই প্রকৃত ইসলামী দল এবং সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন জিয়াউর রহমান।
তিনি সবাইকে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
দাইপুখুরিয়া ইউনিয়ন নির্বাচনী কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিঞা, দাইপুখুরিয়া ইউনিয়ন নির্বাচনী কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।