জুলাই জাতীয় সনদ ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা: আলী রিয়াজ

মো: নুরে ইসলাম মিলন, রাজশাহী ব্যুরো:

“জুলাই জাতীয় সনদ কেবল একটি আনুষ্ঠানিক দলিল নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সুস্পষ্ট রূপরেখা—যা তরুণদের আত্মত্যাগের বিনিময়ে প্রণীত হয়েছে” বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি বলেন, এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি আরও শক্তিশালী হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জীবনযাপন করতে পারে, এই লক্ষ্যেই দেশের তরুণরা ধারাবাহিকভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণভোট সেই গণতান্ত্রিক সংগ্রামেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণভোটে উত্থাপিত বিষয়গুলো সাধারণ মানুষের বোধগম্য এবং দেশের জনগণ এতে ‘হ্যাঁ’ বলার জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে সমান সুযোগ ও ন্যায্যতা নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে সাংবিধানিক কাঠামোর মধ্যে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) পূর্ণ স্বাধীনতা দিতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিরোধী দল দমনের একটি হাতিয়ারে পরিণত করা হয়েছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক দুর্নীতি দমন কমিশন গঠন করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং গণভোট সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও সম্ভাব্য ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *