জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (গতকাল) বেলা আনুমানিক আড়াইটার দিকে তিনি জেলা পরিষদ ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের এই মুহূর্তকে ঘিরে জেলা পরিষদ প্রাঙ্গণে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যেখানে বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যক্রমকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, অতীতে জেলা পরিষদের অনেক কার্যক্রম সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে ছিল। ফলে জনগণ পরিষদের কার্যপরিধি সেবার বিষয়ে যথেষ্ট অবগত ছিলেন না। তিনি এই পরিস্থিতির পরিবর্তন এনে জেলা পরিষদকে একটি জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান।

তিনি আরও বলেন, “আমরা চাই পুরো জেলায় জেলা পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে পরিচালিত হোক। বিগত সরকারের সময়ে উন্নয়ন কর্মকাণ্ডে যে বৈষম্য ছিল, তা দূর করে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমানভাবে উন্নয়ন নিশ্চিত করবো।” তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা সমন্বয়ের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক মামুন মাহমুদ জানান, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় এখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “জেলার সার্বিক উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবো।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার মূল অঙ্গীকার। এজন্য তিনি জেলা পরিষদের সকল কার্যক্রমে স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও কঠোর বার্তা দেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে রোববার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম অন্তর্ভুক্ত ছিল।

রাজনৈতিক জীবনে অধ্যাপক মামুন মাহমুদ দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে দলের ভেতরে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিভিন্ন মামলায় কারাভোগের অভিজ্ঞতাও রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তিনি তা মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। দলীয় শৃঙ্খলার প্রতি তার এই আনুগত্য দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততাই তার এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দায়িত্ব গ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাধারণ মানুষও প্রত্যাশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদ আরও কার্যকর, স্বচ্ছ এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *