আমির হোসেন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী পরিবেশ ও মাঠ পর্যায়ের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঝালকাঠির নলছিটি পরিদর্শনে এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি রবিবার নলছিটি উপজেলার ভোটকেন্দ্র, নির্বাচনি পরিবেশ, প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এতে ইইউ-এর ইলেকশন অবজারভেশন মিশনের দুই সদস্যসহ টিম সাপোর্ট সদস্য ফারজানা ইয়াসমিন সাথে ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের লং টাইম অবজারভার জার্মান নাগরিক ইঙ্গো বোটনার ও লুক্সেমবার্গের নাগরিক লরেন্স।
এ সময় তারা জানান, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনের আগে ও ভোটগ্রহণ শেষে মাঠ পর্যায়ে তাদের টিম কাজ করবে। নির্বাচন পরিস্থিতি পর্যালোচনায় ও নির্বাচনে কোনো প্রভাব পড়ছে কি না তা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে দলটি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা নির্বাচনি পদ্ধতি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিকেল ৫টায় প্রতিনিধি দলের সদস্যরা নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজীর উঠান বৈঠক পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধি দলের মুখপাত্র ফারহানা ইয়াসমিন জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে দেশীয় ৩৪টি এনজিওর সমন্বয়ে গঠিত AFED-এর মাধ্যমে বিভিন্ন সংসদীয় আসনে মাঠ পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ কাজ চলবে। এতে এনজিওগুলোর নিযুক্ত পর্যবেক্ষকরা ভোটের আগে ও পরে সার্বিক পরিস্থিতি ইইউ-কে অবহিত করে প্রতিবেদন পাঠাবে বলে জানান।