টাঙ্গাইলে মিথ্যা মামলার শিকার হয়ে কারাভোগ করেছেন মহর আলী

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইল সদর উপজেলার ২নং গালা ইউনিয়নের রসুলপুর গ্রামে লিখি রানী সরকারের নাবালিকা মেয়ে ভূমিকা (১২), চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলায় একই গ্রামের মো. মহর আলী (৫০) কারাভোগ করছেন বলে অভিযোগ উঠেছে।

লিখি রানী সরকার গত ১৮/১০/২০২৫ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে টাঙ্গাইল সদর থানায় মহর আলীর নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

কারাভোগী মহর আলীর স্ত্রী রিনা বেগম বলেন, “আমার স্বামীর নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। ঘটনার দিন মোস্তফা (পিতা মৃত ফুলচাঁন, সাং রাবনা নয়াপাড়া) ভূমিকাকে নিয়ে সেলো মেশিন ঘরে ঢুকতে দেখে আমার স্বামী আরও দুইজনকে সঙ্গে নিয়ে মেশিন ঘরে যায় এবং সেখানে মোস্তফা ও ভূমিকাকে পায়। কিন্তু ভূমিকার মা লিখি রানী আমার স্বামীর নামেই সদর থানায় ১৮/১০/২০২৫ ইং তারিখে একটি অভিযোগ করেন। ঐদিনই পুলিশ আমার স্বামীকে গ্রেপ্তার করে মামলা নং ২৬/১৯/১০/২০২৫ ইং তারিখে জেল হাজতে প্রেরণ করেন।”

এ বিষয়ে ঐ এলাকার জায়েদুল ইসলাম, বাবলু মিয়া, মুনছের আলীসহ আরও অনেকে বলেন, “মহর আলীর নামে যে মামলা দেওয়া হয়েছে তা পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা এই মিথ্যা মামলার দায়ীদের শাস্তি ও মহর আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।”

গালা ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, “এই মামলার বিষয়ে আমি অবগত নই, তবে আমার জানামতে মহর আলী ভালো মানুষ। যদি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে থাকে, তাহলে বিষয়টি ভালোভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা উচিত।”

বাদী লিখি রানী সরকারের মোবাইল নম্বরে ফোন করলে তার ভাতিজা পলাশ ফোন রিসিভ করে বলেন, “ঘটনা সত্য, আমার চাচি আইনের আশ্রয় নিয়েছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবীর আহমেদ জানান, “সদর থানায় লিখি রানী তার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। সেই প্রেক্ষিতে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে মামলাটি তদন্ত করে সত্যতা যাচাই শেষে আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *