ঢাকা রেঞ্জ ডিআইজি কর্তৃক নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। নির্বাচনের দিন সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কেন্দ্রগুলোতে ছিল শৃঙ্খলাবদ্ধ ও সুশৃঙ্খল পরিবেশ।

ভোটগ্রহণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রেজাউল করিম মল্লিক, সম্মানিত রেঞ্জ ডিআইজি, ঢাকা রেঞ্জ। তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) জনাব তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইসরাত জাহান, পিপিএমসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছিল কঠোর সতর্কতা।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *