হাসান মামুন:
তরুণরা আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি ও ভবিষ্যতের আশা। আজকের সময় এসেছে সেই শক্তিকে সঠিক পথে কাজে লাগানোর। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা যাবে। এজন্য দরকার সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব—যারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা ৩নং বালিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন।
মাসুদ সাঈদী আরও বলেন—
“দুঃখজনকভাবে বিগত দিনে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা তরুণ শক্তিকে অবমূল্যায়ন করেছে। কর্মসংস্থান সৃষ্টি না করে বরং মেধাবী তরুণদের হতাশা, দুর্নীতি ও বেকারত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে। তারা দেশের সম্পদকে বোঝায় পরিণত করেছে। কিন্তু তরুণরাই বারবার প্রমাণ করেছে, তারা ফ্যাসিবাদ, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখতে জানে।”
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রার্থী বেছে নিচ্ছে—যা সচেতন প্রজন্মের ইঙ্গিত বহন করে।
“আমি বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে তারা ভুল করবে না। তারা এবার দেশের জন্য, তাদের ভবিষ্যতের জন্য সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকেই বেছে নেবে। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই তরুণদের কর্মসংস্থানের সুযোগ দেব এবং একজন আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলব। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণরাই হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি।”
ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে বালিপাড়া ইউনিয়নের আমীর মোঃ শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন শোয়াইব শিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।
এছাড়া বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জিয়ানগর উপজেলার সাবেক আমীর হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল এবং উপজেলা অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম প্রমুখ।