ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে — পুলিশ সুপার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা এলাকায় ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “সকল আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নারায়ণগঞ্জ জেলায় অদ্যাবধি কোনো সহিংসতা ঘটেনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এবং ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আরও তৎপর থাকতে হবে।”

তিনি জানান, এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মোট ২ হাজার ১৯৬ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। নারায়ণগঞ্জ জেলার ৫টি নির্বাচনী আসনের ৭৯৭টি ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতির পাশাপাশি ৮১টি মোবাইল পার্টি, ১৪টি স্ট্রাইকিং পার্টি এবং ১১টি স্ট্যান্ডবাই পার্টি দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ৭টি থানা এলাকায় ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ সার্বিক তদারকিতে থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ ৪৫১টি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে বডি-অন ক্যামেরা থাকবে।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় সকল পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিএমপি ও এপিবিএন থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *