সাঈদ হাসান সানি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৯২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৫২৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।আসনের ৮৮টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ফরিদুল কবীর তালুকদার শামীম পেয়েছেন ১,৪৬,৫৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪,১৬১ ভোট। ফলাফল ঘোষণার পর সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ভোটার ও সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে।
জয়ের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “আমার দলের সকল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য এবং আপনাদের অকুণ্ঠ সমর্থন, আস্থা ও ভালোবাসায় ধানের শীষ প্রতীকে আমাকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
এই বিজয় আমার একার নয়—এটি সরিষাবাড়ীর সর্বস্তরের মানুষের বিজয়।আপনারা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন তা আমি আমানত, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার দৃঢ় অঙ্গীকার করছি। আজ থেকে আমরা গড়ে তুলব একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উন্নত সরিষাবাড়ী—আমাদের সবার প্রিয় “শান্তির সরিষাবাড়ী”।আমি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। সরিষাবাড়ীর উন্নয়ন, সম্প্রীতি ও অগ্রগতিই হবে আমাদের প্রধান লক্ষ্য।