দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জাহেদ গ্রেপ্তার

কামরুল ইসলাম:

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সড়ফভাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্র সরবরাহকারী চক্রের অন্যতম সদস্য মো. জাহেদ (৩৭) গ্রেপ্তার হয়েছেন। তিনি মৃত আবদুস শহীদের ছেলে। তার বাড়ি নারায়ণনগর (পশ্চিম সরফভাটা), থানা দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৯ (নয়)টি কার্তুজ (শীসা) এবং বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল। ঘটনাস্থলে আরও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন,

“চট্টগ্রাম জেলা পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কোনো ছাড় দেবে না। সমাজে অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। অপরাধীরা কেউই রেহাই পাবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *