এস এম শাহ্ জালাল সাইফুল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের গণসংযোগ ও পথসভা ক্রমেই জনসমুদ্রে রূপ নিচ্ছে। মঙ্গলবার সারাদিন দাউদকান্দি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির জোন–২-এর উদ্যোগে মারুকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগের পর বিকেল ৪টায় বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার বাজারে অনুষ্ঠিত হয় বিশাল পথসভা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“আমরা হয়তো জীবনের শেষ একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছি। আমাকে নির্বাচিত করলে আমি আপনার প্রতিটি সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। নৈইয়ারের জন্য ইতোমধ্যে একটি হাই স্কুল স্থাপন করেছি—ভবিষ্যতে যা প্রয়োজন, জানালেই তা করা হবে। এই নির্বাচন কেবল একটি আসনের নয়, এটি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পুনরুদ্ধারের নির্বাচন।”
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন ভোটারদের উদ্দেশে বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। এই আসনের উন্নয়ন ও ন্যায়বিচারের জন্য ড. মোশাররফ হোসেনই একমাত্র যোগ্য প্রার্থী। ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট নিশ্চিত করতে হবে।”
পথসভায় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা ভিপি সাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মারুকা ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ড ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে এবং কুমিল্লা–১ আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।