দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

স্বাধীন সংবাদ ডেস্ক:  

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

সূত্র বলছে, দুই উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। আজ সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে। জানা যায়, গতকাল (৯ ডিসেম্বর) যমুনায় নিয়মিত মধ্যাহ্নভোজ ও বৈঠকে জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টার উপস্থিতিতে পদত্যাগের প্রসঙ্গটি তোলা হয়। সেদিন সন্ধ্যায় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করবেন।

সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে এর আগেই, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা কিছুটা অতিরিক্ত সময় চান। এর মধ্যে মাহফুজ আলম সরকার শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে আগ্রহ প্রকাশ করেন। এমনকি তিনি জানান, দায়িত্ব পালনকালীন তিনি নির্বাচনে অংশ নেবেন না।

পরে গত মাসের মাঝামাঝি সময় আবারও উচ্চপর্যায় থেকে তাদের দ্রুত পদত্যাগের জন্য তাগাদা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন ছাত্র প্রতিনিধি সরকারে জায়গা পান। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি পরবর্তীতে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও পান। অন্যদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করলেও পরে উপদেষ্টা পদমর্যাদা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *