মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন এক প্রকৌশলীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদায়ন না করার দাবি জানিয়েছে। সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত এক বিবৃতিতে শনিবার রাতে এ আহ্বান জানানো হয়।
দাবি করা হয়েছে, অভিযুক্ত প্রকৌশলীর নাম মো. খাইরুল বাকের। ৪ মার্চ রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-২-এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে খাইরুল বাকেরকে প্রেষণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে একই পদে বদলির নির্দেশ দেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, খাইরুল বাকের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একই পদে দায়িত্ব পালনকালে শত শত কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তাঁকে রাজশাহী সিটি করপোরেশনে বদলি করা হলেও রাজশাহী কর্তৃপক্ষ তাঁকে গ্রহণ করেননি। এবার তাঁকে নারায়ণগঞ্জে পদায়ন করা হলে নগরবাসীর জন্য সমস্যার সৃষ্টি হতে পারে বলে নাগরিক আন্দোলন আশঙ্কা প্রকাশ করেছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, খাইরুল বাকেরের বিরুদ্ধে অতীতে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির অভিযোগের সংবাদ প্রকাশিত হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, তিনি দুর্নীতির মাধ্যমে ছয়শ কোটি থেকে দেড় হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এমন একজন কর্মকর্তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পদায়ন করা হলে নগরের জনজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় নাগরিক আন্দোলন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সিটি করপোরেশনের প্রশাসকের কাছে দাবি জানিয়েছে যে, দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তাকে নারায়ণগঞ্জে পদায়ন করা যেন বন্ধ করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে। অভিযুক্ত প্রকৌশলী মো. খাইরুল বাকের-এর বক্তব্যও পাওয়া যায়নি, একাধিকবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি উত্তর দেননি।