দেড় লাখ মানুষের দ্বীপরাষ্ট্র কুরাসাও এবার বিশ্বকাপে

স্বাধীন স্পোর্টস ডেস্ক: 

ইতিহাস গড়ার জন্য মঞ্চ প্রস্তুত ছিল, আর সেই মঞ্চে পৌঁছে গেছে ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মাত্র দেড় লাখ মানুষের দেশটি। বাছাইয়ের শেষ দিনে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কুরাসাও।

গ্রুপ ‘বি’-তে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কুরাসাও জ্যামাইকা থেকে এক পয়েন্ট এগিয়ে থেকে এই অর্জন করেছে। কোচ রেমকো বিসেন্টিনির শিষ্যরা পুরো টুর্নামেন্টে দেখিয়েছে শৃঙ্খলাপূর্ণ রক্ষণ, দ্রুতগতি এবং দলগত ঐক্যের অসাধারণ উদাহরণ। আগামী বছর প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সবচেয়ে ছোট প্রতিনিধি হিসেবে থাকবে কুরাসাও।

গত জানুয়ারিতে কুরাসাওয়ের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানায়, ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের এই দেশের জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার। বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ এটিই। নেদারল্যান্ডস রাজ্যের সাংবিধানিক দেশ কুরাসাও মূল কুরাসাও দ্বীপ এবং জনবসতিহীন ‘লিটল কুরাসাও’ দ্বীপ নিয়ে গঠিত। ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে তারা ৮২ নম্বরে অবস্থান করছে।

এই অর্জনের মাধ্যমে কুরাসাও বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজস্ব ইতিহাস রচনা করেছে এবং ফুটবলপ্রেমীদের জন্য নতুন উদাহরণ স্থাপন করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *