নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে অসদুপায়ে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল) রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে গোপনে মজুদ করা একটি গোডাউনে অভিযান পরিচালনা করে অকটেন, পেট্রোল ও ডিজেল জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও খালিদ হাসান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় জ্বালানি তেল মজুদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অসদুপায়ে ২৭০ লিটার অকটেন ও ৭০০ লিটার ডিজেল মজুদের দায়ে পাঁচদোনা বাজারস্থ হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন করিবকে ৪০ হাজার টাকা এবং ১ হাজার লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন মজুদের দায়ে ডাংগা রোডস্থ আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে আয়াজ এন্টারপ্রাইজ থেকে উদ্ধারকৃত মালামাল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে সেই অর্থ মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অপরদিকে, হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে জব্দকৃত মালামাল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
জ্বালানি তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।