নরুন্দিতে ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগে সাতজন আটক

সাঈদ হাসান সানি:

জামালপুর সদর উপজেলার নরুন্দি মিরাপাড়া কেন্দ্রের সামনে ভোটকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। বুধবার রাতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে টাকা বিতরণ করতে দেখে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন— শফিকুল ইসলাম, মামুন মিয়া, হুসনুছ, শাহাদৎ, রেফাজ উদ্দিন, ওসমান গনি, সাইফ আল মাসুদ আপন ও জয় আহমেদ। তাদের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো জামায়াত প্রার্থীর লিফলেট বা ভোটসংক্রান্ত স্লিপ পাওয়া যায়নি। এ কারণে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন কি না।

জামায়াত নেতারা দাবি করেছেন, আটক ব্যক্তিদের মধ্যে কেউ তাদের দলের সদস্য নন এবং স্থানীয় কিছু ব্যক্তি ভুল তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

ঘটনার পর প্রশাসন নরুন্দি এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। ভোটকেন্দ্রের আশেপাশে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের টহল বৃদ্ধি করা হয়েছে, যাতে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়।

নির্বাচনকালীন এই পরিস্থিতিতে প্রশাসন ও স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং কোনো প্রকার আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *