না’গঞ্জে ফের খুন! নিখোঁজের ১দিন পর মিললো মাদ্রাসা ছাত্রের গলা কাটা মরদেহ

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় নিখোঁজের একদিন পর ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফতুল্লার কাশীপুর এলাকার উত্তর নরসিংহপুরে একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত শিশুর নাম সৈকত (৭)। সে গাইবান্ধা জেলার রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। এরপর রাতে তার পরিবার ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলেন, নিখোঁজের পর থেকেই শিশুটির খোঁজে অনুসন্ধান চলছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, এ নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অনেকেই দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে একাধিক দিক বিবেচনায় তদন্ত চলছে এবং খুব শিগগিরই অগ্রগতি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *