নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে এক যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-২ র্যাব ক্যাম্প নাটোর র্যাব-৫।
সোমবার (১০ মার্চ) রাত ৯টায় উপজেলার তেঘরিয়া ওয়াজেদ আলীর বসত বাড়ির সামনে থেকে তাকে মাদকসহ আটক করে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণের জন্য রাতেই আসামিকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
আটক নেওয়াজ শরিফ জনি (৩৫) মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধনগর ইউনিয়নের সহ-সভাপতি, নাটোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পর্যটক সম্পাদক, নলডাঙ্গা উপজেলা বোট টিমের সদস্য, নলডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এবং মাধনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলে জানা যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ র্যাব ক্যাম্প নাটোর র্যাব-৫ রাজশাহীর ফোর্স নিয়ে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বসত বাড়ির সামনে নলডাঙ্গা–সিংড়া সড়কের উপর থেকে তল্লাশি চালিয়ে আসামীকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ৯৯ পিস ইয়াবাসহ নলডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এ ঘটনায় নাটোর র্যাব ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আব্দুল হাকিম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।