ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়নগন্জে আওয়ামী লীগের শাটডাউনের প্রতিবাদে শহরজুড়ে বিএনপির মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত কমপ্লিট শাটডাউনের বিরুদ্ধে সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরে মিছিল বের করে মহানগর বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত কমপ্লিট শাটডাউনের বিরুদ্ধে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে সমস্ত ভেদাভেদ ভুলে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে শহরজুড়ে মিছিল ও পথসভায় অংশ নেন। নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। পরে মিছিল বের করা হয়।
মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে শহরের চাষাড়া, কালির বাজার, ২ নম্বর গেইট, ডিআইটি, মণ্ডলপাড়া সেতু এলাকা প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে গিয়ে শেষ হয়। সভায় শুরু থেকেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। মহানগর বিএনপিকর্মীরা বলেন, যে মহানগর কমিটি একসময় বিভক্ত ছিল বিভিন্ন নেতাদের পৃথক বলয় নিয়ে, আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন ঘোষণায় তারা ঐক্যবদ্ধ। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আওয়ামী লীগ নৈরাজ্যের রাজনীতি করেছে তাদের নৈরাজ্য জনগণ আগেও প্রতিহত করেছে।
আবার করার চেষ্টা করলে তাও প্রতিহত করবে।’
মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘নারায়ণগঞ্জ শহরে যদি কোনো আওয়ামী লীগের প্রেতাত্মারা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তা কোনভাবেই সহ্য করা হবে না। মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, নারায়ণগঞ্জের বিএনপি সমস্ত মতপার্থক্য পেছনে ফেলে আজ ঐক্যবদ্ধ হয়েছে ফ্যাসিস্ট হাসিনার যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম বলেন, জনগণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দেখতে চায়। এর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাড. আবূ আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম, আবুল কাওসার আশা, মনির খান, রেজা রিপন, আক্তার হোসেন খোকন শাহ, সেলিম, সোহেল, রুবেল প্রমুখ।