মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও গণভোট প্রচারণায় জনসচেতনতা বৃদ্ধির জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহমেদ পিপিএম, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়েজ উদ্দিন, অন্যান্য উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় সরকার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আসা কর্মকর্তাগণ।
সভা শুরুর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘটে যাওয়া এক দূর্ঘটনার কারণে একজন নিহত হয়। এই ঘটনার পর জেলা প্রশাসক সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের রাস্তা পারাপার বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো সরকারি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে গনভোট প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, সভা, সেমিনার এবং মা ও শিশু কেন্দ্রগুলোতে এই প্রচারণা কার্যক্রম চালাতে হবে।
জেলা প্রশাসক গণভোটের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, জনগণ ‘হ্যা’ বা ‘না’ ভোট প্রদানের মাধ্যমে তাদের মত প্রকাশ করতে পারবেন। হ্যা ভোট দিলে জুলাই মাসে সনদের বাস্তবায়ন সম্ভব হবে, আর না ভোট দিলে আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি উপস্থিত কর্মকর্তাদের জানান, জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে তাদের উপর এই প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির দায়িত্ব অর্পিত।
তিনি আরও বলেন, আমাদের সততার পথে এবং নিরপেক্ষভাবে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে, সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং কঠোর মনিটরিং করা হবে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিককে তাদের ভোটাধিকার ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা প্রত্যেকেই নিজেদের দপ্তরের মাধ্যমে জেলার উন্নয়নে এবং নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জে একটি উৎসবমুখর, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।