মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে ৫২০০ (পাঁচ হাজার দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইব্রাহিম হোসেন-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মাহবুব আলম-এর নেতৃত্বে এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ০২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ রেললাইনের পূর্ব পাশে হাজী মোসলেহ উদ্দিন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাজী মোসলেহ উদ্দিন মার্কেটস্থ মেসার্স মিজানুর রহমান এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে রাস্তার ওপর থেকে একজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ও পরিচয় প্রকাশ করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ মনির হোসেন (৩৮)। তার পিতার নাম আব্দুল মালেক এবং মাতার নাম মৃত মনোয়ারা বেগম। তিনি নবীগঞ্জ মোড়ের পূর্ব পাশে, বন্দর থানা, নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৫২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়টি অধিকতর তদন্ত করে তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অপরাধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।