মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলায় পুলিশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। জেলার দুটি থানার অফিসার ইনচার্জ (ওসি)কে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।
প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। তাদের দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, রূপগঞ্জ থানাতেও আনা হয়েছে নতুন নেতৃত্ব। রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেনকে বদলি করে তার স্থলে নতুন ওসি হিসেবে যোগদান করেছেন এ এইচ এম সালাউদ্দিন।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিতভাবেই এ ধরনের রদবদল করা হয়ে থাকে।
এ পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট থানাগুলোর কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।