মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ রমজান হোসেনের নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল গঠন করা হয়। দলে আরও ছিলেন এসআই (নিরস্ত্র) মোঃ সেলিম মিয়া, এসআই (নিরস্ত্র) মোঃ মোরশেদ আলম, এএসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসাইনসহ অন্যান্য সদস্যরা।
অভিযানটি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নিউ জিমখানা রেলওয়ে কলোনি এলাকায় রাব্বী নামে এক ব্যক্তির একতলা ভবনের ছাদের উপর নির্মিত টিনশেড ছাপড়া ঘরে পরিচালনা করা হয়। রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাব্বি হাসান (৩৯), পিতা মৃত আঃ সোবাহান মোল্লা, মাতা রওশন আক্তার, বাসিন্দা নতুন জিমখানা, নারায়ণগঞ্জ সদর; মোঃ হৃদয় (২৯), পিতা আঃ মালেক, বাসিন্দা কাশিপুর বাংলাবাজার, ফতুল্লা; মোঃ পাভেল (৪২), পিতা মোঃ ইসমাইল, মাতা মোসা. পারভীন বেগম, বাসিন্দা কাশিপুর হাটখোলা, ফতুল্লা; মোঃ হাসান (৪০), পিতা আব্দুল হক, মাতা হনুফা বেগম, বাসিন্দা মাসদাইর বাজার, ফতুল্লা; এবং মান্নান (৪৩), পিতা মৃত আহমদ বেপারী, মাতা মৃত রেজিয়া বেগম, বাসিন্দা উত্তর সাবদী, বন্দর, নারায়ণগঞ্জ।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি কাঠের বাটযুক্ত ছুরি, একটি ছোরা, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি প্লাস্টিকের বাটযুক্ত চাকু এবং একটি লোহার হাতলযুক্ত ছোরা। উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেদের হেফাজতে এসব দেশীয় অস্ত্র অবৈধভাবে রাখছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে, পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেছেন।