মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ শহরে আবু হাসান ওরফে মাসুদ রানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন পরিচয় ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কখনো তিনি নিজেকে প্রশাসনের কর্মকর্তা, কখনো মুক্তিযোদ্ধার সন্তান, কখনো থানা পুলিশের ক্যাশিয়ার, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে একটি চক্র গঠন করে তিনি দীর্ঘদিন ধরে নীরবে চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছেন। স্থানীয়দের ভাষ্যমতে, বিশেষ করে রাত দশটার পর শহরের বিভিন্ন এলাকায় তাকে সক্রিয়ভাবে দেখা যায়।
ভুক্তভোগীরা জানান, অতীতেও এ ধরনের অভিযোগে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে তারা মন্তব্য করেন।
এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপই জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারে।