মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টসের সামনের সড়ক থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। বিষয়টি নিউজভিউকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই ফেরদৌসুর রহমান ইমনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও লোড করা ম্যাগজিনটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।