নারায়ণগঞ্জে পুলিশের লুট হওয়া ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

মোহাম্মদ হোসেন হ্যাপী:

 

 

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেবর) ভোর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কালাপাহাড়িয়ার খালিয়ারচর, মধ্যার চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকা ঘিরে ধারাবাহিক অভিযানে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘর চিহ্নিত করে ধারাবাহিক তল্লাশি চালানো হয়। অভিযানে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড শট গানের কার্তুজ, আটটি ককটেল, ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া ডাকাতি ও সহিংস অপরাধে ব্যবহৃত টেঁটা, রামদা, বড় ও ছোট ছোড়া, দা, কুড়াল, চাপাতি, হকি স্টিক, বড় টর্চলাইটসহ নানা ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

 

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও গ্রেপ্তারদের খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো করা হয়। পরে শুক্রবার দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে ৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আস্তানা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য এবং থানা পুলিশের ১০ জন সদস্য অংশ নেন।

 

তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *