নারায়ণগঞ্জে প্রকাশ্যে কৃষকদল নেতাকে গুলি, ভিডিও ভাইরাল

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার মাইসদাইর বাজার এলাকায় বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত পারভেজ ওই এলাকার বাসিন্দা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক। তিনি পেশায় ব্যবসায়ী। নিজ এলাকায় তার ছোট একটি কনফেকশনারি দোকান ও ইন্টারনেট ব্যবসা রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে এলাকার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করে টাকা ভাগ বাটোয়ারা করছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিষয়টি দেখে পারভেজ সেখানে দাঁড়িয়ে যান।

এসময় মাদক ব্যবসায়ীরা পিস্তল তাক করে ও ছুরি হাতে নিয়ে পারভেজকে ধাওয়া করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পারভেজকে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। তখন পারভেজ দৌড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে ওই মাদক ব্যবসায়ীরা পারভেজকে মারধরসহ শরীরের বভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। সিসি টিভির ফুটেজেও দেখা যায় এ ঘটনার দৃশ্য। পরে আহত পারভেজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে শুনেছি পারভেজ নামে একজনকে তিন চারজন মিলে আক্রমণ করছিল। তার হাতে এবং মাথায় আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি। প্রাথমিকভাবে শুনেছি নিজেদের মধ্যে কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। তবে যে গ্রুপ আক্রমণ করেছে তারা মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে আমরা হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *