নারায়ণগঞ্জে বিশ্ব স্কাউট দিবস ও স্কাউট জনকের ১৬৯তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিশ্ব স্কাউট দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রা, শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন-এর জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের সহ-সভাপতি স্কাউটার মাহবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের কমিশনার স্কাউটার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু।

এসময় জেলা স্কাউটসের সম্পাদক গোলাম মোস্তফা শাহীনসহ জেলা স্কাউটসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার এবং প্রায় চার শতাধিক কাব স্কাউট, স্কাউট ও গার্ল-ইন-স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা স্কাউটসের সভাপতি মোঃ রায়হান কবির বলেন,
“স্কাউট জীবনকে উন্নত করতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায় এবং মানুষের জন্য কাজ করতে শেখায়। বয়সের পরিক্রমায় যখন আমরা বাস্তব জীবনে প্রবেশ করবো, তখন এই শিক্ষাকেই আমাদের কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জীবনে একবার যে স্কাউট, সে সারা জীবনই স্কাউট।”

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সারাদেশে অঞ্চলভিত্তিকভাবে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। তবে বার্ষিক পরীক্ষার কারণে নারায়ণগঞ্জ জেলার যেসব স্কাউট সদস্যরা তখন অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারেননি, তাদের হাতে এদিন আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে অ্যাওয়ার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিশেষে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি স্কাউট সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *