মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে একটি অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সদর উপজেলায় অবস্থিত ‘জাগরণ ডাইং’ নামের একটি ডাইং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে ফেলা হয়।
বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে কারখানাটি পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজ। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ শাখা, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অভিযানকালে দেখা যায়, জালকুড়ী এলাকার ‘জাগরণ ডাইং’ কারখানাটি পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা ছিল অপ্রতুল এবং অপরিশোধিত বর্জ্য আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছিল, যা মারাত্মক পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি করছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া পুনরায় কারখানা চালু না করার জন্য কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হওয়ায় এখানে পরিবেশ দূষণের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই পরিবেশ আইন লঙ্ঘনকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে যারা অবৈধভাবে শিল্পকারখানা পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।