নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা শুরু

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আসন্ন পবিত্র হজ পালনকে সামনে রেখে নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং ইসলামিক ফাউন্ডেশন, নারায়ণগঞ্জের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী হাজীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, হজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সঠিকভাবে পালনের জন্য প্রয়োজন যথাযথ জ্ঞান ও প্রস্তুতি। অনেক সময় অজ্ঞতা বা ভুল ধারণার কারণে হাজীরা নানা সমস্যার সম্মুখীন হন, যা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অনেকটাই দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে হাজীরা হজের প্রতিটি ধাপ—ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফা ও মিনার কার্যক্রমসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। এতে করে তারা সৌদি আরবে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সঠিকভাবে হজ পালন করতে সক্ষম হবেন।

প্রশিক্ষণ কর্মশালায় হজের করণীয় ও বর্জনীয় বিষয়, প্রয়োজনীয় দোয়া ও আমল, স্বাস্থ্য সুরক্ষা, ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা, আবাসন ব্যবস্থা, পরিবহন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকরা বাস্তব অভিজ্ঞতার আলোকে হাজীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত হাজীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত উপকারী। এতে তারা হজের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন, যা তাদের সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালন করতে সহায়তা করবে।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক হাজী অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে হাজীরা আরও সুসংগঠিত ও প্রস্তুত হয়ে পবিত্র হজ পালন করতে পারবেন এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *