নারায়ণগঞ্জে ১৯ মামলার আসামি ‘টাইগার মোমেন’ গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১৯টিরও বেশি মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য মোঃ মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ০১টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মোমেন ওরফে টাইগার মোমেন (৪০)। তার পিতার নাম হাজী মোঃ আমির আলী। তিনি কাঁচপুর এলাকার সোনাপুর গ্রামের বাসিন্দা এবং সোনারগাঁও থানার অন্তর্গত।

পুলিশ জানায়, টাইগার মোমেন ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁও থানাধীন এলাকায় মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি। উক্ত হত্যা মামলা নং-১৪, তারিখ-২২/০৮/২০২৪ এর ৬৫ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মোট ১৯টিরও বেশি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ আরও জানায়, জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *