মোহাম্মদ হোসেন হ্যাপী:
তীব্র শীতে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ জেলার তিনটি মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে তিনি সরাসরি শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফতুল্লা, কুতুবপুর ও ভূঁইঘর এলাকার তিনটি মাদরাসার প্রায় ২৫০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রচণ্ড শীতের মধ্যে জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।
যেসব মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয় সেগুলো হলো— ফতুল্লার কাইমপুর এলাকার জামিয়া ইবনে আব্বাস (রা.) ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, কুতুবপুরের জালকুড়ি এলাকার জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদরাসা ও এতিমখানা এবং ভূঁইঘর দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির মাদরাসাগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আর্তমানবতার সেবায় জেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে। ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।