নারায়ণগঞ্জ আইন কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই আয়োজনটি ছিল উৎসবমুখর ও আন্তরিকতাপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ আইন কলেজের সভাপতি মো. রায়হান কবির। তিনি শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। ইফতার ও দোয়া মাহফিলের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি-র সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ববোধ ও সংগঠনিক সক্ষমতার পরিচয় বহন করে।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি-র সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান এবং শিক্ষক প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মাদ সালাহ উদ্দিন ভূইয়া সবুজ। বক্তারা শিক্ষার্থীদের এ উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দিয়ে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের শিক্ষার্থী মো. হাবিবুল হাসান সোহান। পুরো আয়োজন জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও আন্তরিকতা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, কলেজের শিক্ষার্থী-শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *