মোহাম্মদ হোসেন হ্যাপী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জ-বাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির প্রশংসিত হয়েছেন। নির্বাচন-পরবর্তী সময়ে নির্বাচিত প্রার্থীসহ বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-এর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
সোমবার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এ ক্ষেত্রে যেমন নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা পাওয়া গেছে, তেমনি গণমাধ্যমকর্মীদের ভূমিকাও ছিল প্রশংসনীয়।
তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলার প্রতিটি উপজেলায় নির্বাচনী প্রার্থী ও সাধারণ জনগণকে নিয়ে মতবিনিময় সভা এবং আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকের আয়োজন করা হয়। এতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং সকলের সহযোগিতায় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক আশা প্রকাশ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সবসময় জনগণের পাশে থেকে কল্যাণমূলক কাজ করেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—এটাই জনগণের প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য হারুন অর রশিদ সাগর, দৌলত হোসেন আবির, সাদ্দাম হোসেন মুন্না, মোঃ আল আমিন, রানেল, জসিম উদ্দিন, আবুল কালাম, আসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।