মোহাম্মদ হোসেন হ্যাপী:
ভাষার জন্য জীবন বিসর্জনের এমন গৌরবময় নজির বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে নেই। এ ঐতিহাসিক আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ UNESCO-এর সাধারণ পরিষদ ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি ২১ ফেব্রুয়ারিকে বিশ্বব্যাপী “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। যার প্রেক্ষিতে ২০০০ সাল থেকে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবাগত রাত ১২টা ০১ মিনিটে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী চাষাড়ায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় পেশাগত দায়িত্ব পালনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।