মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বাজারে তদারকিমূলক অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকি প্রতিরোধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা কমিটি শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছে।
স্মারকলিপি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহামাদ রায়হান কবিরকে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্যাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, সদস্য মোশতাক আহমেদ শাওন, সদর উপজেলা কমিটির সভাপতি ডা: গাজী খায়রুজ্জামান, এবং আড়াইহাজার উপজেলা কমিটির সভাপতি এডভোকেট কামরুল হাসান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলাতেও নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি ঢাকায় পরিচালিত একটি বাজার অভিযানে সরকারি কাজে বাধা, হইচই সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করেছে।
ক্যাব মনে করে, জেলায় এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য আগাম ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযান যেন নির্বিঘ্ন, নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন হয় এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়েও তারা জোর দেন।
স্মারকলিপিতে ক্যাবের দাবি সমূহ নিম্নরূপ:
১. জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা হোক।
২. বাজার অভিযানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
৩. জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করা হোক।
৪. ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় সতর্কতা, নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হোক।
৫. ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি যেন নারায়ণগঞ্জ জেলায় না ঘটে, আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা হোক।
ক্যাব আশাবাদ ব্যক্ত করেছে যে, জেলা প্রশাসকের সদয় ও সময়োপযোগী উদ্যোগে জেলায় বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।