নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিনকে বিদায় সংবর্ধনা

 ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

অদ্য ৩০ নভেম্বর ২০২৫, রোজ রবিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা শিরিন–এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় উপলক্ষে তাকে অফিসার্স ক্লাব, উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসক, চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বিদায়ী স্মারক ও উপহার প্রদান করেন। এছাড়াও বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নিয়ে ইউএনও ম্যাডামের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনাবিদ পবিত্র মন্ডল চন্দ্র, সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার সাদিয়া আক্তার, ফতুল্লা ভূমি সহকারী কমিশনার আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ সরকারি ভূমি কমিশনার দেবযান করসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


বিদায়ী বক্তব্যে আবেগঘন তছলিমা শিরিন

বিদায়ী বক্তব্যে ইউএনও তাছলিমা শিরিন বলেন—

“সদর উপজেলা দায়িত্ব পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই আপনাদের আন্তরিক সান্নিধ্য পেয়েছি। আমার স্টাফসহ যারা আমার সাথে কাজ করেছেন—সকলেই আমাকে কাজে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। কাজের প্রয়োজনে কখনো কঠোর হতে হয়েছে, তাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজগুণে ক্ষমা করবেন। আপনাদের সাথে আমার যোগাযোগ সবসময় থাকবে—আপনারাও আমাকে মনে রাখবেন।”

তিনি আরও বলেন—

“মানুষের সেবা করাই একজন প্রশাসনিক কর্মকর্তার প্রধান দায়িত্ব। জনগণের প্রত্যাশা ও সমস্যা সমাধানে আমি সবসময় আন্তরিক ছিলাম। উপজেলা প্রশাসনের প্রতিটি বিভাগ, উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে কাজ করতে পেরে আমি গর্ববোধ করি।”

এ সময় তিনি ভবিষ্যৎকর্মে সবার দোয়া প্রার্থনা করে বলেন—

“সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা ধরে রেখে দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি যেখানেই থাকি—আপনারা আমার পরিবার হিসেবেই থাকবেন। সামনের দিনগুলোতে সকলের জন্য আমার দরজা খোলা থাকবে। আপনাদের ভালোবাসা আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। দোয়া করবেন, যেন আগামীতেও দায়িত্বশীলভাবে মানুষের সেবা করতে পারি।”

তার আবেগি বক্তব্যে অনুষ্ঠানস্থলে এক স্নেহময় ও উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়। শেষে সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ জনগণ তার সফল ভবিষ্যৎ কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *