নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রধান নির্বাহী কর্মকর্তা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর কুতুবুল আলম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় তিনি নগরীর বিভিন্ন এলাকায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকল্পগুলোর কাজের গুণগত মান, নির্ধারিত সময়সীমা এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি কাজের মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মোঃ নূর কুতুবুল আলম বলেন, “নারায়ণগঞ্জবাসীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো এবং মানসম্মতভাবে শেষ করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নগরবাসীর সুবিধাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, নগরের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। এ জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের গতি বাড়ানোর পাশাপাশি কোনো ধরনের অনিয়ম বা অবহেলা না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা নগরবাসীর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল রাখতে নাগরিকদের সিটি ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য কর ও ফি নিয়মিত ও সময়মতো পরিশোধ করা প্রয়োজন। এতে করে নগরের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা আরও শক্তিশালী হবে।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবিষ্যতেও নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *