মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তি-এনসিপি-এর কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান।
১৭ নভেম্বর, সোমবার রাতে তিনি রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন দলটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত।
মনোনয়নপত্র গ্রহণের সময় কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নারায়ণগঞ্জের নেতাকর্মীরা উল্লাসিত স্লোগান দিয়ে উক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন এবং নিরব রায়হানকে শুভকামনা জানান।
মনোনয়নপত্র গ্রহণের পরে নিরব রায়হান সাংবাদিকদের বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পর জনমানুষের মাঝে একটি নতুন আশা ও আকাঙ্খার সৃষ্টি হয়েছে। বিগত ৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থাপনা ও গত ১৬ বছরের কলঙ্কিত অধ্যায় থেকে সাধারণ জনগণ মুক্তি চায়। আমরা দেখেছি, রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্র দখল করেছেন। এতে শিক্ষাব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, রূপগঞ্জবাসীর জন্য মুক্তির পথ দেখাতে। ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “হাসিনার ফ্যাসিবাদী আমল আর কখনো দেশের জনগণ দেখতে চায় না। আজকের রায়ে শহীদ পরিবার ও আহতরা সহ দেশবাসী খুশী। এই আনন্দের দিনে আমি রূপগঞ্জের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি, এই খুশীর জোয়ার রূপগঞ্জবাসীর জন্য অব্যাহত থাকবে। এ কাজে সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।”
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং গণঅধিকার পরিষদ-এর প্রার্থী কাওছার আলী-ও ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।