ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা চালক ইউসুফ (২৮) কে হত্যা করে লাশ ঢাকার রায়েরবাগ এলাকায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে গেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। রোববার (১৬ নভেম্বর) ভোরে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাজমুল হাসান বিপুল তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ইউসুফকে হত্যা করা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা এলাকায় সংঘটিত হওয়ায় সেখানে পুলিশ তদন্ত করছে।
নিহত ইউসুফের মা আলো বেগম জানান, তার ছেলে শনিবার দুপুর তিনটার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। রাত ১০টার দিকে বাসায় ফিরে আসার কথা থাকলেও ফিরে আসেনি। তার মোবাইল ফোন ও বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে ভোরের দিকে জানতে পারেন ঢাকার রায়ের বাগস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ইউসুফকে কে বা কারা ফেলে রেখে গেছে। এমন সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ইউসুফের এক বছরের একটি সন্তান রয়েছে। স্ত্রীর নাম সোনিয়া বেগম। নিহতের গ্রামের বাড়ি বরিশালের কলাপাড়া থানার দানখালি গ্রামে। তারা বর্তমানে স্বপরিবারের ফতুল্লা রেল স্টেশন এলাকায় ভাড়ায় বসবাস করছেন। ঘটনাটি নিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে।