নির্বাচনকে কেন্দ্র করে ভীতি নেই, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা

মো. নুরে ইসলাম মিলন, রাজশাহী ব্যুরো:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কোনো বিষয় নেই এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, আসন্ন নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কোনো প্রার্থী যদি অশোভন আচরণে জড়ায়, তা সমাজে প্রকাশ পেলে জনগণের কাছে ওই প্রার্থী স্বাভাবিকভাবেই কোনঠাসা হয়ে পড়বে। তারপরও কেউ সীমা অতিক্রম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত শক্তিশালী এবং মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে অবৈধ অস্ত্রও উদ্ধার করা হচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সভায় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা এবং জনগণকে সচেতন করার গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *