সাগর চৌধুরী ভোলা:
৮ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক সংগঠনসমূহের সমন্বিত প্ল্যাটফর্ম “ইলেকশন অবজারভার সোসাইটি (EOS)” এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও নির্বাচনী পরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে এবং সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন “ইলেকশন অবজারভার সোসাইটি”-এর নবনির্বাচিত সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরা।
অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ, পর্যবেক্ষণ কাঠামো এবং নির্বাচন কমিশনের নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা সমূহের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে “ইলেকশন অবজারভার সোসাইটি”-এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
মোঃ ইকবাল হোসেন বলেন, “ইলেকশন অবজারভার সোসাইটি দেশে একটি নিরপেক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।”
তিনি আরও বলেন, “এবারের নির্বাচনে আমরা উল্লেখযোগ্য পরিমাণে ইমাম, খতিব, সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমাজের সকল স্টেকহোল্ডারকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করবো।”
সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা মাঠপর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল গঠন করছেন, যারা প্রতিটি নির্বাচনী এলাকার ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি ও ভোটার অংশগ্রহণ মূল্যায়নে কাজ করবে।
সভায় উপস্থিত নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত সংগঠনসমূহের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মোঃ ইকবাল হোসেন হিরাকে সভাপতি, মোঃ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং শহীদুল ইসলামকে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় অনুষ্ঠানে জাতীয় দৈনিক, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।